
সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে বিজিবির দলটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালুরঘাট এলাকায় অবস্থান নেয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর বিজিবি সদস্যরা দেখতে পান, দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাদের আটক করতে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup এবং ৯৯টি ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যগুলো মালিকবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই রাত আনুমানিক ৪টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘা থানার বারশিপাড়া এলাকায় একটি কাঁঠালবাগানে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে।
তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় কাউকে পাওয়া না গেলেও কাঁঠালগাছের শিকড়ের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যও মালিকবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।